অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েই দলকে জেতালেন মিচেল মার্শ। তার অপরাজিত ৯২ রানের ঝড়ো ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১১ রানের বিশাল জয় পেল অস্ট্রেলিয়া। বুধবার ডারবানে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে অভিষিক্ত অজি লেগস্পিনার তানভীর সাঙ্ঘার দারুণ বোলিংয়ে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।
২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে ৫৬ রান করেন ওপেনার রেজা হেনড্রিক্স। এছাড়া রাসি ফন ডার ডাসেন ২১ ও মার্কো জানসেন ২০ করলেও বাকিদের কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেনি।
সাঙ্ঘা ৪টি উইকেট নেন। মার্কাস স্টোইনিস ৩টি উইকেট দখল করেন। টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার ট্রাভিস হেডকে হারালেও মার্শ ঝড় তোলেন। তিনি শেষ পর্যন্ত ৪৯ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ৯২ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে টিম ডেভিড ২৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন।
দ. আফ্রিকান বোলার লিজাড উইলিয়ামস ৩টি উইকেট পান।


