বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার। তারা বেগম জিয়ার রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ভয় পায়। আর সে কারণে রাজনীতি, নির্বাচন, এমনকি দুনিয়া থেকেও তাকে সরিয়ে দিতে চায়।’
গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে বিএনপি কার্যালয়ে এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এ সভার আয়োজন করে।
প্রিন্স বলেন, ‘বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বিএনপি সর্বাত্মক আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ জুলাই, সোমবার ময়মনসিংহ মহানগর ও উত্তর,দক্ষিণ জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।’
তিনি ময়মনসিংহের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আগামী সোমবার বেলা ৩টায় নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ সফল করার আহ্বান জানান।
যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
তথ্য সুত্র: আমাদের সময়


