Friday, April 17, 2026
বাড়িসাহিত্যভালোবাসার আলিঙ্গনে - শেখ মাফিজুল ইসলাম

ভালোবাসার আলিঙ্গনে – শেখ মাফিজুল ইসলাম

ভালোবাসার আলিঙ্গনে

শেখ মাফিজুল ইসলাম

চিবুক দু’টি শক্ত করে হাতটি ধরো,
হাত ছেড়োনা ব্যস্ত শহর;
বিকেল এখন পাঁচটা বাজে, রাস্তা ঘাট আর অফিসপাড়ায় গিজগিজে লোক,
বাড়ি ফেরার কড়া তাগিদ।
হন্তদন্ত ছুটছে মানুষ, সভ্যশহর এখন যেন ওরাং-ওটাং;
যন্ত্র-দানব ছুটছে কেবল; সড়কগুলো মানুষ-নদী,
ওলি গলি ছুটছে সে ঢেউ।

উথাল পাথাল মানুষ তুফান,
মানুষ-স্রোতে পিছলে গেলে পিষ্ট হবে,
জামা-কাপড় নষ্ট হবে, থেঁতলে যাবে বুকের পাঁজর,
হাসপাতালের বেডে শুয়ে কষ্ট পাবে;
পত্রিকাতে খবর হ’বে।

হাত ছেড়ো না, গা-বাঁচিয়ে সঙ্গে চলো;
পা ফেলনা এলোমেলো
ওরাও যেমন ফিরছে ঘরে,
আমাদেরও ফিরতে হবে।
স্বজন যারা দূরের ডেরায় অপেক্ষমান
তাকিয়ে আছে পথের দিকে।

প্রতিদিন তো লোক হারানোর গল্প শোনে
চোখের কোনে বিষাদমাখা স্বপ্ন আঁকে
দেরি হলে নাভিশ্বাসে জ্বলবে যে বুক,
সমস্ত সুখ উড়বে তখন পেঁজা তুলো মেঘের মতন।

দিন যাপনের বাঁধা রুটিন করছে তাড়া সকাল- বিকেল;
মানুষ কিম্বা পশু-পাখি সবার আছে বাঁচার তাগিদ
ফিরতে হবে সন্ধ্যা বেলা
সবাই কী আর ফিরতে পারে?

মৃত্যু ডাকে, জ্বরা ডাকে, ব্যাধী ডাকে,
পথের বাঁকে পথ হারানো ভয়ও থাকে।
তবু বাঁচার তীব্র নেশায় রক্তে লাগে কঠিন দোলা
শক্ত করে হাতটি ধরো, আর হয়োনা আত্মভোলা।

বাঁচতে হবে বাঁচার মতন,
তুমি আমি রণাঙ্গনে, জীবন যুদ্ধে সামিল দু’জন;
তুমি আমি বেঁচে আছি ভালোবাসার আলিঙ্গনে
ঋতুর রাজন ওই এসেছে, শুনব দু’জন কুহুকুজন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments