“শিকল ও জোয়ালের বৈশাখ”
সরকার রায়হান
রুদ্ধশ্বাসে বৈশাখী রোদে চেয়ে আছি আকাশ পানে,
পূর্বপুরুষের লড়াইয়ের কথা বাজে আজ এই প্রাণে।
নুন-পান্তার ভোরে যারা ঐ বুনেছিল ফসলের আশা,
কালবৈশাখীর ঝড়েও হারায়নি মাটির প্রতি ভালোবাসা।
প্রাচুর্যের সেই বাংলায় আজো গোলায় ওঠেনি ধান,
শাসকের হাতে খাজনা দিয়ে ফুরায় কৃষকের প্রাণ।
রাজকোষ ভরে অনুগত হয়ে সয়েছি সহস্র ঘৃণা,
প্রজন্মের পর প্রজন্ম আজ শোষণের জালে কেনা।
মাঠের রোদে ঘাম ঝরানো মানুষ পায় না অন্নের দেখা,
মহাজন আর লাঠিয়াল মিলে ভাগ্য করেছে রেখা।
শহরের বাবু পান্তা-ইলিশে মেকি বাঙাল সাজে,
হালে হাত নেই, তবু কৃষ্টির শোভাযাত্রায় সে বিরাজে।
কৃষকের ঘাম শুষে যারা আজ গড়েছে অট্টালিকা,
তাদের তরেই জ্বলছে আজো ঐ কৃষাণের দীপশিখা।
কত বৈশাখ আসে আর যায়, ঘুচে না তো দুঃখভার,
বাঙালির কাঁধে আজও জোয়াল টানে ইতিহাসের হাহাকার।


