অলীক প্রেম
তানজীনা ফেরদৌস
যদি হৃদয়ে ধেয়ে আসে কোন প্রলয়।
পণ্ড করে সবকিছু যদি জ্বলতেই থাকে প্রলয়শিখা।
যদি বিরুদ্ধাচরণ করে শিরোদেশ থেকে পাদদেশের সকল অনুভূতি।
অগ্নেয়গিরিতে যদি বিচ্ছিন্ন হয় উর্দ্ধ অধিত্যকা থেকে উপত্যকা।
যদি, বলি হতে হয় উত্তমর্ণের অস্ত্রে অধমর্ণকে।
কারো বিহনে যদি হৃদয়ের সূর্য ভুলে যায় অস্তগামী বা উদীয়মান হতে।
যদি কারো উৎকন্ঠাই উদ্বিগ্ন হয়ে উত্তাপ বহে হৃদয়ে।
যদি আনকোরা কোন মন্ত্রের আর্বিভাবে সুমতি হয় প্রেমিকের।
যদি প্রেমিকের সকল গরিমা নতজানু হয়ে ক্রোধ ভুলে সঞ্চার হয় প্রীতির।
যদি প্রেমিকার চপলতায় জনাকীর্ণ প্রেমিকের হৃদয়-জমিনে বাজে তুবড়ি, কর্নেট,বিউগল।
যদি প্রেমিকার সকল নিন্দা স্তুতি হয়ে সরব তুলে মেঘমেদুর আকাশে।
যদি বারবার বিপত্তি ভেঙে আসতে চায় চিন্ময় চেতনা আর স্বঘোষিত কন্ঠে জানাতে ইচ্ছে হয় ভালোবাসার আকুতি।
আর এভাবেই যদি রোজ শর্বরী বিরোধিতা করে দিবসের সাথে।
ঔদ্ধত্য নিষুপ্তি যদি ঘোষণা করে চিরায়ত অনশনের।
আমি তবু অলীক প্রেমের কাছে হার না মেনে কাটিয়ে দেব হাজারও যামিনী।


