যশোরের চৌগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘আমরাই আগামী’ সংগঠনের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে হয়ে গেল ৪ দিনব্যাপী অমর একুশে বইমেলা ।
প্রতি বছরের ন্যায় সংগঠনটি এবারও বইমেলার আয়োজন করে এবং এবারই প্রথম বইমেলার শেষ দিনে শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা ও চিত্রশিল্পে অবদানের জন্য ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করে।
বইমেলার সমাপনী দিন শনিবার (২৪ ফেব্রুয়ারী ২০২৪) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুল মুজিদ।
এ সময় তিনি বলেন, জ্ঞানের আদান প্রদান ও লেখক পাঠকের বন্ধন সৃষ্টিতে বই মেলার বিকল্প নেই। এই মেলায় আমি আসতে পেরে ভীষণ আনন্দিত। অত্র অঞ্চলে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে কয়েকজন গুণী ব্যক্তিকে যে সম্মান দেখানো হলো তা সত্যি ভালোলাগার বিষয়। তিনি বলেন, নিভৃতে যারা কাজ করে যান তাদেরকে আমাদের সম্মান জানাতে হবে। তাদের কাজকে আমাদের স্মরণ করতে হবে। বইমেলাসহ সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।
সমাপনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, এবিসিডি কলেজ অধ্যক্ষ রেজাউল ইসলাম, ডা. সাইফুল ইসলাম ডিগ্রী কলেজ অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, এস এম হাবিব পৌর কলেজ অধ্যক্ষ মোজাম্মেল হক, বাংলাদেশ স্কাউট চৌগাছা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্কাউটের কমিশনার মহিদুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আমরাই আগামী সংগঠনের পৃষ্টপোষক ফিরোজ হুসাইন, সংগঠনের সভাপতি আজিমুর রহমান সোহান প্রমূখ।
আলোচনা সভা শেষে মরণোত্তর ৪ জন ও এক গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, মোঃ এ কে শফিউদ্দীন (শিক্ষা), মোঃ আলী আকবর (শিক্ষা), মোঃ আতিউর রহমান (সাংবাদিকতা), ডাঃ সিরাজুল ইসলাম (সাহিত্য) ও মোঃ আসাদুজ্জামান (চিত্রশিল্প)। সম্মাননা প্রাপ্তদের পরিবার ও গুণী ব্যক্তির নিকট সম্মাননার ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নেতৃবৃন্দ। বই মেলায় ১৭টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রকাশক, লেখক, কবি অংশগ্রহন করেন।


