বঙ্গবন্ধুর নির্দেশে ঝিনাইদহে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে পাঁচবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই আর নেই।
১৬ মার্চ ২৪ তারিখ শনিবার সকাল ৬টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আসাদ জানিয়েছেন, মো. আব্দুল হাই বেশ কিছুদিন ধরে লিভার জটিলতাসহ নানা রোগে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে ব্যাংককের বামরুণগাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্র প্রাথমিকভাবে জানিয়েছে, মরদেহ দেশে আসার পরে সব আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


