নড়াইলের পল্লীতে রান্না করার সময় উত্তপ্ত কড়াইয়ের ওপর পড়ে রুপালী খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুপালী খাতুন ওই গ্রামের কৃষক ওবায়দুল্লাহ শেখের স্ত্রী। রূপালী বেগমের আত্মীয় ইতি খানম বলেন, এদিন দুপুরে রূপালী খাতুন জ্বলন্ত চুলায় ডিম ভুনা করছিলেন। হঠাৎ করে শারীরিক দুর্বলতার কারণে বা অসতর্কতার কারণে কড়াইয়ের ওপর পড়ে যান। সেখান থেকে তিনি আর উঠতে পারেননি। আমার ছেলে রান্না ঘরে গিয়ে দেখে তার কাকীকে জ্বলন্ত চুলোর উপরে পড়ে আছে। দ্রুত গিয়ে কড়াইয়ের ওপর পড়ে থাকা অবস্থায় তাকে দেখতে পাই। আমরা তাকে উদ্ধার করে পাশের নদীতে নিয়ে যাই। সেখানে পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তখন ভ্যানযোগে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, খবর শোনার পর সদর থানা পুলিশ পাঠানো হয়। আমি নিজে উড়ানী গ্রামে গিয়ে খোঁজখবর নিয়েছি। রূপালীর পিতার বাড়ির সদস্যরা কোনো অভিযোগ করেননি। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নড়াইলের পল্লীতে রান্না করার সময় কড়াইয়ের ওপর পড়ে গৃহবধূর মৃত্যু
RELATED ARTICLES


